মঙ্গলবার ২৭ জানুয়ারী ২০২৬ - ২২:০৮
বিন সালমান: ইরানের বিরুদ্ধে যে কোন হুমকি ও উত্তেজনা সৌদি আরবের কাছে গ্রহণযোগ্য নয়

সৌদি যুবরাজের সাথে টেলিফোন আলোচনা:

বিন সালমান: ইরানের বিরুদ্ধে যে কোন হুমকি ও উত্তেজনা সৌদি আরবের কাছে গ্রহণযোগ্য নয়

পেজেশকিয়ান: ইসলামী দেশগুলোর সংহতি উত্তেজনা ও অস্থিরতা মোকাবিলার কার্যকর কৌশল 

হাওজা / সম্প্রতি ইরানে সংঘটিত ঘটনাবলীতে ইরানের জনগণের প্রতি মুসলিম দেশগুলোর সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বাস করি মুসলিম দেশগুলোর ঐক্য ও সংহতি অঞ্চলে স্থিতিশীল নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তির নিশ্চয়তা দেবে এবং এ কারণে মুসলিম দেশগুলোর আমাদের প্রিয় ভাইদের ভূমিকা এ প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মাসউদ পেজেশকিয়ান আজ মঙ্গলবার, ৭ বাহমান, ১৪০৪ হিজরী সনে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোন আলাপে আন্তর্জাতিক ও আঞ্চলিক সর্বশেষ উন্নয়ন এবং ইরানে সংঘটিত সাম্প্রতিক ঘটনাবলী পর্যালোচনা করে অভ্যন্তরীণ ও আঞ্চলিক ক্ষেত্রে সরকারের নীতিগত পদ্ধতির ওপর জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের পদ্ধতি হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের ঐক্য ও সংহতি বজায় রাখা এবং জাতীয় সংহতি শক্তিশালী করা। আর আঞ্চলিক ক্ষেত্রেও ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে মুসলিম দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা সম্প্রসারণের চেষ্টা করা হবে।

প্রেসিডেন্ট আরো যোগ করেন, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি ইসলামী উম্মাহ ও মুসলিম দেশগুলো পরস্পরের ভাই এবং গভীরভাবে বিশ্বাস করি আমরা একসাথে ও সম্মিলিত সহযোগিতার মাধ্যমে আমাদের জনগণের জন্য একটি নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তুলতে পারি।

পেজেশকিয়ান এরপর দায়িত্ব গ্রহণের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনের পক্ষ থেকে ইরানের জনগণের বিরুদ্ধে শত্রুতার তীব্রতা বৃদ্ধি, অর্থনৈতিক চাপ সৃষ্টি, যুদ্ধ চাপিয়ে দেয়া এবং সাম্প্রতিক দেশের ঘটনাবলীতে উসকানি দেয়া, অরাজকতা সৃষ্টিকারী ও বিশৃঙ্খলাকারীদের সমর্থন ও সহযোগিতা করার ক্ষেত্রে প্রত্যক্ষ হস্তক্ষেপের কথা উল্লেখ করে বলেন, তারা মনে করেছিল এসব পদক্ষেপের মাধ্যমে ইরানকে সিরিয়া বা লিবিয়ায় পরিণত করতে পারবে। অথচ তারা ইরানের জনগণের সত্যতা, প্রকৃতি ও মাহাত্ম্য সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে না এবং ইরানের জনগণের ব্যাপক ও সচেতন উপস্থিতি তাদের লক্ষ্য ও ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেছে।

প্রেসিডেন্ট সাম্প্রতিক ঘটনাবলীতে বিশেষ করে সৌদি আরবের পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি মুসলিম দেশগুলোর সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অঞ্চলের নিরাপত্তা বিনষ্ট করার লক্ষ্যে আমেরিকানরা হুমকি ও মনস্তাত্ত্বিক অপারেশন চালাচ্ছে এবং তাদের জন্য অস্থিরতা ছাড়া আর কোন অর্জন থাকবে না। আমি বিশ্বাস করি মুসলিম দেশগুলোর ঐক্য ও সংহতি অঞ্চলে স্থিতিশীল নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তির নিশ্চয়তা দেবে এবং এ কারণে মুসলিম দেশগুলোর আমাদের প্রিয় ভাইদের ভূমিকা এ প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তেজনা হ্রাস করার লক্ষ্যে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইরানের আলোচনায় ফিরে আসার প্রয়োজনীয়তা সম্পর্কে উত্থাপিত দাবি-দাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে পেশকিয়ান জোর দিয়ে বলেন, আমরা আমেরিকানদের সাথে আলোচনায় ছিলাম আর তারাই সারা বিশ্বের মানুষের সামনে আমাদের ওপর সামরিক হামলা চালিয়েছে। ইউরোপীয় দেশগুলোর সাথে আলোচনায় আমরা চুক্তি ও সমঝোতায় পৌঁছেছিলাম কিন্তু আমেরিকানরাই তা নস্যাৎ করে দেয় এবং সহযোগিতা করেনি। তাদের দৃষ্টিতে আলোচনা ও সমঝোতার মানে হচ্ছে আমরা বলবো আর আপনারা তা কার্যকর করবেন। এর নাম আলোচনা নয়।

প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, একইসাথে ইসলামী প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক আইনের কাঠামোয় এবং জনগণ ও দেশের অধিকার পূর্ণরূপে সংরক্ষণ ও রক্ষা করে শান্তি, নিরাপত্তা এবং সংঘাত ও যুদ্ধ প্রতিরোধ করে এমন যে কোন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সব সময় প্রস্তুত রয়েছে এবং থাকবে। কারণ আমাদের আকাঙ্খা হচ্ছে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যার ভিত্তিতে বিশ্বের সকল মানুষ শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করবে।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও পেজেশকিয়ানের সাথে আলাপে সন্তোষ প্রকাশ করে জোর দিয়ে বলেন, অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং অঞ্চলের দেশগুলোকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আমাদের সকল প্রচেষ্টা জনগণের স্বার্থে পরিচালিত হচ্ছে এবং নিঃসন্দেহে মুসলিম দেশগুলোর সংহতি ও ঐক্যও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সৌদি যুবরাজ আরো জোর দিয়ে বলেন, তার দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে কোন আগ্রাসন, হুমকি ও উত্তেজনা সৃষ্টি গ্রহণযোগ্য মনে করে না। স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান ও অঞ্চলের অন্যান্য দেশের সাথে যে কোন ধরনের সম্মিলিত প্রচেষ্টায় অংশগ্রহণের জন্য সৌদি আরব প্রস্তুত বলে ঘোষণা করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha